আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এই বাংলাদেশে আর কোন দিন তত্বাবধায়ক সরকার হওয়ার কোন সুযোগ নেই। প্রশ্নই উঠেনা। কারণ তত্বাবধায়ক সরকারের আমলেও আমরা নির্বাচন করেছি। সেই নির্বাচনেও যথেষ্ট কারচুপি হয়েছে। এ খন বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ অবস্থাতে আগামী নির্বাচন হবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেন, বিএনপি সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে। কারণ নির্বাচনে অংশ গ্রহণ না করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। রাজনীতির প্রাণ কেন্দ্র হলো নির্বাচন। আমরা সকল দল এই নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বে অন্যতম উন্নয়নশীল দেশ। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বে যথেষ্ট মর্যাদা অর্জন করেছি। আজকে গ্রাম গুলো শহর হয়েছে। আজ গ্রাম আর গ্রাম নেই। ঘরে ঘরে বিদ্যুৎ। আপনারা শান্তিতে আছেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।