বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানিয়েছে।
আরওপি জানিয়েছে, ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।
বিবৃতিতে আরওপি বলেছে, নীতি পর্যালোচনার আওতায় আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য।
এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।