বাঁশখালীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতা খুন

চট্টগ্রামের বাঁশখালীতে মো. কায়সার সিকদার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কায়সার উপজেলার ৩ নং খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ওমর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে আলম নুরের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জমির বিরোধ নিয়ে দুইপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে ওমর আলীর ছেলে মোহাম্মদ কায়সার সিকদারকে জখম করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কায়সার সিকদারের মৃত্যু হয়। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত সন্দেহে আলম নুর এবং তার ছেলে মোহাম্মদ আকবরকে আটক করে।

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার বলেন, ‘আওয়ামী লীগ নেতা কায়সার শিকদারকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কায়সার শিকদারের মৃত্যুর ঘটনায় জড়িতরা স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলম নুর ও আকবর নামে দুইজনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’