বহিষ্কৃত জাহাঙ্গীরকে স্ত্রীও তালাক দিল

আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে এবার স্ত্রী কাজী রাজিয়া সুলতানা জয়ীও তালাক দিলেন।

সোমবার (১৫ মে) থেকে নেট দুনিয়ায় তালাকের একটি নোটিশ ভাইরাল হয়। বলা হচ্ছে, মানসিক নির্যাতন ও অত্যাচারের কারণে এবং নিয়মিত ভরণপোষণ না পাওয়ায় জয়ী এই নোটিশ পাঠান।

চলতি বছরের এপ্রিল মাসের ৩০ তারিখ উল্লেখিত ভাইরাল ওই নোটিশে বলা হয়েছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন ৮নং অধ্যাদেশ, ৫২ নং আইন এর ৭(১) ধারায় জয়ী নামোল্লেখিত ওই তালাকের নোটিশ পাঠানো হয়।

নোটিশে দেখা যায়, ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহার ও মিসেস ফরিদা ইকবালের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরের মিজানুর রহমান ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম স্ত্রীকে মানসিক নির্যাতন ও অত্যাচার করায়, নিয়মিত ভরণপোষণ না দেওয়ায়, সংসার জীবনে অশান্তি শুরু হয়।

তালাকের এই নোটিশের অনুলিপি গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং মিরপুর শাহআলীর কাজী অফিসে পাঠানো হয়।

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীর আলমকে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ওই দিনই তাকে মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয়। আজ সন্ধ্যায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে (০১৯১১….৮১) চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি। তার একাধিক আত্মীয় ও এলাকাবাসী এ বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি। এমনকি, তার স্ত্রীর নামটিও বলতে রাজি হননি। তবে, সাবেক এই মেয়রের স্ত্রী ঢাকাতে থাকতেন বলে জানান।