ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের ঘোষণা করেছে ক্রীড়া লেখক সমিতি। আগামী ২৮ মে (রোববার) বিকেলে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান হবে।
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার লিটন দাস, ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তার। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় লিটন দাস, সাবিনা খাতুনের সঙ্গে আছেন স্প্রিন্টার ইমরানুর রহমান।
এর মধ্যেই শুরু হয়ে গেছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং। ২৬ মে ২০২৩ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি সনৎ বাবলা।