সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ অনুষদের পাঁচজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
সোমবার (১ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়।
ববি থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত ৫ শিক্ষার্থী হলেন- কলা মানবিক অনুষদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামোলিমা শহীদ খান (৩.৬৭), সামাজিক বিজ্ঞান অনুষদে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রনি গোপাল দাস (৩.৮৬), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চন্দ্রিকা সাহা (৩.৯৫), জীব বিজ্ঞান অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আল ইমরান (৩.৯৮), আইন অনুষদে আইন বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার মুন (৩.৮৬)
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে উৎসাহ দিতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এবার ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ শিক্ষার্থী স্বর্ণপদক পাচ্ছেন।