বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে পুরনো পত্রিকা

অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত ‘উইনার জাইটুং’ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। এটি বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদপত্রগুলোর একটি। ১৭০৩ সালে যাত্রা শুরু করা ৩২০ বছর পুরোনো পত্রিকাটি গতকাল ৩০ জুন সর্বশেষ ছাপা সংস্করণটি প্রকাশ করে।

অস্ট্রিয়ার এ সরকারি পত্রিকাটি অব্যাহতভাবে লোকসান করছিল। এ কারণে এ প্রাচীনতম জাতীয় সংবাদপত্রের ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়া হচ্ছে।

এর আগে এপ্রিল মাসে অস্ট্রিয়ার কোয়ালিশন সরকার একটি আইন পাস করে। সেখানে এ পত্রিকার মুদ্রণ সংস্করণে কোনো সরকারি সংবাদ প্রকাশের জন্য অর্থ দিতে অপারগতা প্রকাশ করে অস্ট্রিয়ান সরকার। তারা সরকারি গেজেট হিসেবে উইনার জেইতুং-এর ভূমিকা বাতিল করে দেন।

এ কারণে এ পত্রিকাটির প্রকাশকরা আনুমানিক ১৮ মিলিয়ন ইউরোর লোকসানের সম্মুখীন হন। জার্মান ভাষার গণমাধ্যম ‘ডের স্পিগেল’ জানিয়েছে, এ সরকারি সিদ্ধান্তের কারণে ওই পত্রিকাটির সম্পাদকীয় কর্মীদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ২০জন করা হয়। এছাড়া ৬৩ জনকে চাকরিচ্যুত করা হয়।

এখন এ প্রাচীনতম জাতীয় সংবাদপত্রটিকে অনলাইনে প্রকাশ করা হবে। এছাড়া এটি একটি মাসিক মুদ্রণ সংস্করণও ছাপাবে বলে জানিয়েছে।

এমএইচএফ