দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্টের একটি দল।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।
বঙ্গভবনের নতুন বাসিন্দা মো. সাহাবুদ্দিন সোমবার বেলা ১১টায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। এরপর সোমবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে রাত পৌনে নয়টায় সপরিবার গুলশানের বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গুলশানের বাসা থেকে স্ত্রী রেবেকা সুলতানা ও পরিবারের সদস্যসহ রাষ্ট্রপতিকে বহনকারী মোটর শোভাযাত্রা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবসহ কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
এর আগে সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দিয়েছেন। এ ছাড়াও শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়। নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনানসহ পরিবারের সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।