বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ইতোমধ্যে তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে।  মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  গত ১১ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।   এতে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নামের তালিকাসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

গত ৪ এপ্রিল ভোরে দেশে কাপড়ের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।  তাতে ডিএসসিসির মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিট- বঙ্গবাজার ইউনিট, গুলিস্তান ইউনিট, মহানগরী ইউনিট ও আদর্শ ইউনিট ভস্মীভূত হয়ে যায়।  বঙ্গবাজারের পূর্ব পাশে মহানগর শপিং কমপ্লেক্সের বেশির ভাগ দোকান ভস্মীভূত হয় এবং বাকিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  এছাড়া পাশের সাততলা এনেক্সকো টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়।  আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমানবাহিনীর সদস্যরাও যোগ দেন।  প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।