বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের একটি দুর্ঘটনা। এর মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এ ক্ষতি পূরণ করার মতো নয়। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার করে দেওয়ার যে ঘোষণা দিয়েছে। সেটা অপ্রতুল। এখানে যতগুলো মালিক, কর্মচারী আছে তাদের প্রত্যেককে এ সহযোগিতা দেওয়া উচিত।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে সোয়া ১২ টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার করে দেওয়ার ঘোষণা দিয়েছে। একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে ফান করা হয়েছে। কারণ এ ১৫ হাজার টাকা কাকে দেবে। একটা দোকানের কর্মচারী আছে, মালিক আছে, মালিকের পরিবার আছে। ১৫ হাজার টাকা অপ্রতুল। এটাকে আরও বেশি করা উচিত।
তিনি বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের এ ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করবো ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নেভাতে সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যসহ র্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।