বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশের দুই দল

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স হ্যান্ডবল টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশের দুই দল।  বাংলাদেশ জুনিয়র দল (অনূর্ধ্ব-১৯) ২৩- ০৯ গোলে হারিয়েছে নেপালকে।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৩-০৫ গোলে।  বাংলাদেশ দলের শ্যামলী মিনজ করেছেন সর্বোচ্চ ১২ গোল।  এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৫০-৪ গোলে হারায় নেপালের ইয়ুথ দলকে।

পরপর দুটি ম্যাচ জিতে খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ আমজাদ হোসেন, ‘আজ আমরা পুরো শক্তি দিয়ে খেলিনি।  কারণ আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত।  ওই ম্যাচটা গ্রুপের শেষ ম্যাচ।  আমাদের লক্ষ্য ছিল যারা দুর্বল খেলোয়াড় তাদের সুযোগ দেওয়া।  ওদেরকে পরখ করে দেখা।  সেটা আমি করতে পেরেছি।  পরের ম্যাচের জন্য ওদের তৈরি করতে চেয়েছি।’

বড় জয় পেয়েও অবশ্য বাংলাদেশ অ-১৭ দলের কোচ ডালিয়া আক্তারের কন্ঠে কিছুটা আফসোস, ‘আজ আমরা অনেক গোলের ব্যবধানে জিতেছি।  কিন্তু প্রতিপক্ষ কঠিন হলে নিজেদের আরেকটু ভালোভাবে ঝালিয়ে নিতে পারতাম।  যেহেতু আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে এবং ওরা বিশ্বমানের হ্যান্ডবল খেলে, অনেক শক্তিশালী প্রতিপক্ষ।  সেই হিসেবে একটি শক্তিশালী প্রতিপক্ষ পেলে আমাদের জন্যই আরেকটু ভালো হতো।’