ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব ও ফেনীর সন্তান রফিকুল আলম মজনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফেনী জেলা বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ খালেক বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত অবরোধের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের প্রতিবাদে জেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও একটি এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবার কোনোভাবেই এটি হতে দেওয়া হবে না। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং এই সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সবাইকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি।