ফুটন্ত লাভায় আকাশ হলো লাল

৩৮ বছরের ঘুম ভেঙে জেগে ওঠা আগ্নেয়গিরি ফের অগ্নিশর্মা হয়ে উঠল।  জ্বালামুখ থেকে গড়িয়ে পড়ল ফুটন্ত লাল লাভা।  আকাশ হয়ে উঠল লাল।

বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় লাভা উদগীরণ শুরু হয়েছে।  আগ্নেয়গিরিটির অবস্থান যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় হাওয়াই অঙ্গরাজ্যে।  স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) রাতে আগ্নেয়গিরিটিতে লাভা উদগীরণ শুরু হয়।

অগ্ন্যুৎপাত শুরুর পর ওই স্থানে দুই ঘণ্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটে।

এরই মধ্যে স্থানীয়দের জন্য সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।  স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে।  আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

বিবিসি জানায়, সোমবার (২৮ নভেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যে কোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, ১৮৪৩ সালের পর থেকে এখন পর্যন্ত এই আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদগীরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ ১৯৮৪ সালে এই আগ্নেয়গিরি থেকে টানা ২২ দিন লাভা উদগীরণ হয়।  ওই সময় আগ্নেয়গিরি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল।

ইউএসজিএস বলছে, লাভা উদগীরণের এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।  প্রয়োজনে সতর্কমাত্রা আরও বাড়ানো হবে এবং স্থানীয়দের নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।