ফরিদপুরে সরকারি গুদামের চাল ও গম আত্মসাৎ মামলার আসামি মো. ছানোয়ার হোসেন নামে উপ-খাদ্য পরিদর্শককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৪মে) ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. ইমরান আকনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। ছানোয়ার হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তবে চাল ও গম আত্মসাৎ মামলার আসামি হওয়ার পর তাকে উপ-খাদ্য পরিদর্শকের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, অভিযুক্ত ছানোয়ার হোসেনের বিরুদ্ধে খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩ টন ৭৬৩ কেজি চাল, ৬৭ বস্তায় ৩ টন ৩৭৪ কেজি গম ও ৪০০ বস্তায় ১৯ টন ৯৫০ কেজি ধান আত্মসাতের অভিযোগ এনে ২০২৩ সালের ১১ এপ্রিল মামলা দায়ের করা হয়। মামলা ৮৮৪১ টি খালি বস্তা উদ্ধারের বিষয়টিও বলা হয়েছে। বস্তার ওই খাদ্যশস্য আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।
তিনি বলেন, পরবর্তীতে ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক সর্দার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।