প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ, দুই ভাই গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে ফটিকছড়ি থেকে অপহরণের শিকার এক কিশোরীকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

এ সময় অপহরণের অভিযোগে মিনহাজুল আলম রাহী (১৯) ও মিরাজুল আলম (৩৩) নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭’র গণসংযোগ কর্মকর্তা নুরুল আবছার। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার ‍করা হয়।

র‌্যাব জানায়, সদ্য এসএসসি পাশ করা ১৭ বছর বয়সী কিশোরীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক হয় ফটিকছড়ি থানার হাইদচকিয়া গ্রামের ১৯ বছর বয়সী মিনহাজুল আলম রাহীর সাথে। বিষয়টি জানতে পেরে মেয়ের পরিবার রাহীর পরিবারকে জানায়। এতে রাহী ক্ষিপ্ত হয় হয়ে ৯ আগস্ট সকাল সাড়ে ছয়টার দিকে মেয়েটি বাড়ির পেছনে বাগানে পূজার ফুল তুলতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২/৩ জন সহযোগী নিয়ে সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে ১০ আগস্ট ফটিকছড়ি থানায় মিনহাজুল আলম রাহী’কে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে একটি অপরহণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৭/৩০।

নুরুল আবছার জানান, মেয়েকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য ভিকটিমের মা র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দাখিল করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মিনহাজুল আলম রাহী ও মিরাজুল আলম নামের আরেক ভাইকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।