প্রেমঘ‌টিত কার‌ণে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করা কনস্টেবল আশরাফ উজ জামান রনি (২২) প্রেমঘটিত কারণে বিষন্নতায় আত্মহত্যা করতে পারেন বলে জানিয়েছে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।  বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে এসব কথা জানান তিনি।

উপ-কমিশনার শহিদুল্লাহ ব‌লেন, কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে তারা মোবাইলে বেশিরভাগ সময় কথা বলত। গতকাল বুধবার রাতের বেশিরভাগ সময় তারা মোবাইলে কথা বলেন। সকালে ডিউটিতে আসার আগেও কথা হয় তাদের দুজনের মধ্যে।

ডিসি শহিদুল্লাহ আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে কনস্টেবল রনির প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা চলছিল। এ কারণেই তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

কন‌স্টেব‌লদের কা‌ছে পিস্তল থাকার বিষ‌য়ে তি‌নি ব‌লেন, কনস্টেবলদের পিস্তল সরবরাহ করে না পুলিশ। তবে ডিএমপির নির্দেশনা অনুযায়ী রাজধানীর চেকপোস্টে নিয়জিত কনস্টেবলরা পিস্তল ব্যবহারের সুযোগ পেয়েছেন। আর সেই পিস্তলেই আত্মহত্যা করেছেন কনস্টেবল রনি।

ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত যেসব কনস্টেবল চেকপোস্টে ডিউটি করে তারা পিস্তল ব্যবহার করতে পারে জা‌নি‌য়ে ডি‌সি (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ডিএমপির সদর দপ্তর থেকে সিদ্ধান্ত হয় চেকপোস্টে ডিউটির সুবিধা ও নিরাপত্তার স্বার্থে কনস্টেবলরা পিস্তল ব্যবহার করতে পারবেন। এটি অনেক আগে থেকেই সব চেকপোস্টে ব্যবহার হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বনানী ১১ নম্বরে চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকালে স্বাভাবিকভাবে তিনি ডিউটিতে আসেন। সঙ্গে আরো পুলিশ সদস্য ছিল। সকাল ৬টা ৪৯ মিনিটের দিকে চেকপোস্টের পাশেই বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল রনি।

তিনি জানান, পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়।