প্রিয় এফডিসি থেকে বিদায় নিলেন মিয়া ভাই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুক।  মঙ্গলবার  (১৬ মে) শেষবারের মতো এসেছিলেন প্রিয় এফডিসিতে নিথর দেহে।  সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসা জানান সবাই।

প্রিয় নায়ক ও সবার প্রিয় সহকর্মী নায়ক ফারুককে শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে এসেছিলেন অনেকে।  সেখানে প্রিয় নায়ক ও সহকর্মীকে একনজর দেখতে ছুটে এসেছিলেন অনেকে।  এসময় কান্নায় ভেঙে পড়েন তার অনেক সহকর্মী।  প্রিয় নায়ক ও সহকর্মীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা অঞ্জনা, সুজাতাসহ অনেকে।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ফারুক ভাই আমার ‘মিয়া ভাই’।  তার মৃত্যুতে ঢাকাই চলচ্চিত্রের একটা অধ্যায় শেষ হলো, যা কখনো পূরণ হওয়ার নয়।  ফারুক ভাইকে নিয়ে কিছু বলার নেই, বলার ক্ষমতাও আমার নেই।  আমার সৌভাগ্য ১৭টি সিনেমায় একসঙ্গে কাজ করেছি।  গ্রামের কোনো দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে ফারুক ভাইয়ের জুড়ি ছিল না।

বিএফডিসিতে এসে নায়ক ফারুকের মরদেহ দেখে বাকরুদ্ধ কিংবদন্তি অভিনেত্রী সুজাতা।  কোনো কথা না বলে শুধুই অঝোর ধারায় কাঁদছিলেন তিনি।  প্রিয় নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে ছুটে আসেন এক সময়ের জনপ্রিয় নায়ক নাঈম।  তিনি বলেন, আমাদের ‘মিয়া ভাই’ একটাই, তিনি ফারুক ভাই।  তার সঙ্গে খুব বেশি কাজের সম্পর্ক নেই, তবে পারিবারিক সম্পর্ক রয়েছে।  আমার পরিবারের সব সদস্যকে তিনি নিজের পরিবার মনে করতেন।

প্রয়াত চলচ্চিত্র নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, নায়ক ফারুক আমাদের আইকন।  তাকে দেখে অনেকে বড় হয়েছে।  আমরা নায়ক ফারুকের রুহের মাগফিরাত কামনা করি।

প্রিয় নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে ছুটে আসেন চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে।  তাদের মধ্যে ছিলেন- চিত্রনায়ক উজ্জল, আলমগীর, ফেরদৌস, খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ।

এরপর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়।  জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে চ্যানেল আইতে।

এর মধ্যদিয়ে নায়ক ফারুক শেষবারের মতো তার প্রিয় ও চিরচেনা এফডিসি থেকে বিদায় নিলেন।  আর কোনোদিন আসবেন না এফডিসির মাটিতে।  তার সহকর্মীরা আর কখনোই তাকে দেখতে পাবেন না।  এফডিসির পরিবেশ যেন প্রিয় নায়ককে হারানোর বেদনায় নিমজ্জিত।  চারদিকে যেন বইছে বিষাদের সুর।

নায়ক ফারুকের বিদায়ের সময় অন্তিম শ্রদ্ধা জানাতে আসা সহকর্মী ও অনুরাগীরা শোকে স্তব্ধ হয়ে যান।  অঝোরে কাঁদতে দেখা গেছে অনেককে।  চোখের পানিতে বিদায় দিয়েছেন প্রিয় নায়ক, প্রিয় সহকর্মী, প্রিয় অভিভাবককে।

সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আকবর হোসেন পাঠান ফারুক।  মঙ্গলবার (১৬ মে) সকালে তার মরদেহ দেশে আনা হয়েছে।  নায়ক ফারুকের মরদেহ দেশে আনার পর নেওয়া হয় রাজধানীর উত্তরায় তার বাড়িতে।  এরপর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।  সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান প্রিয় নায়ককে।  এরপর মরদেহ নেওয়া হয় তার সবচেয়ে প্রিয় জায়গা এফডিসিতে।