খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন এবং কবি ও সাংবাদিক ওমর কায়সারসহ ৭ জন বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
রবিবার বাংলা একাডেমি এ পুরস্কার ঘোষণা করেছে।
জানা গেছে, প্রফেসর ড. অনুপম সেন ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ এবং ওমর কায়সারকে ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ প্রদান করা হবে।
আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার তুলে দেওয়া হবে।
চলতি বছরের ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার পাচ্ছেন ‘অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার’, ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার’ এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ, ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ।
বোস-আইনস্টাইন কনডেনসেট: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে’ মনোনীত হয়েছেন আবদুল গাফফার।
নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, এ বি এম আবদুল্লাহ, মোহাম্মদ হারুন-উর-রশিদ ও অনুপম সেনের পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। ওমর কায়সার এবং আবদুল গাফফারের পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।