প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা স্থগিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুন আমির হোসেনকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা থেকে সরে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার এই মামলাটির রায়ের দিন ধার্য ছিল।

কিন্তু সকালে প্রসিকিউশন পক্ষ এই মামলায় নতুন করে সাক্ষ্য-প্রমাণ দেওয়ার জন্য আবেদন করে ট্রাইব্যুনালে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পরে সাংবাদিকদের জানান, “এই মামলায় নতুন করে বেশ কিছু প্রমাণ হাতে আসায় চার সপ্তাহ সময় আবেদন করা হয়েছে। রায় স্থগিত রাখার আবেদন করা হয়েছে।”

তিনি জানান, এই মামলার আসামি চঞ্চল চন্দ্র সরকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে কিভাবে গুলি করেছে এই সংক্রান্ত তার নিজের একটি ভিডিও বক্তব্য প্রসিকিউশনের হাতে এসেছে যা মামলায় থাকা দরকার।

গত ১৫ই ফেব্রুয়ারি এই মামলার বিচার শেষে রায় ঘোষণার দিন ঠিক করে ট্রাইব্যুনাল।

এই মামলাটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি।

অন্য আসামিরা হলেন, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

আসামিদের মধ্যে শুধু চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।