অস্ট্রেলিয়া প্রবাসী এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলাটি করেন শাকিব। প্রবাসী ওই প্রযোজকের নাম মোহাম্মদ রহমত উল্লাহ। তার বিরুদ্ধে মামলায় চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগ করা হয়।
আদালত তার শাকিব খানের জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এদিন বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শাকিব খান।
জানা যায়, এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা না নিয়ে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ সিনেমার শ্যুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব খান। তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।