প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হওয়ার পরামর্শ জেনারেল মঈনের

শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন মেজর জেনারেল মোঃ মঈন খান। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের মেধা উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ পরামর্শ দেন। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একজন শিক্ষার্থীর মুক্ত চিন্তা শক্তি, মেধা ও মনন এবং কল্পনা প্রবণতার বিকাশ ঘটানোর মধ্য দিয়ে সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উৎসবের যাত্রা, যা প্রতিটি শিক্ষার্থীকে উদ্যমী ও যুগোপযুগী করে তুলবে। উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর উৎসব ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এই মেধা উৎসব পালন করা হয়।

ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের মেধা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস তাসরিন রাহীমা খান। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এবারের মেধা উৎসবের বিষয়ভিত্তিক প্রতিযোগিতাগুলো হলোঃ বই পড়া (বাংলা ও ইংরেজি), হাতের লেখা, সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজি বানান, গল্প লেখা, বিজ্ঞান মেলা, কারুশিল্প, চিত্রাঙ্কন ও দেয়ালিকা এবং সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্বেরাত, হাম্দ-নাত, আবৃত্তি, অভিনয়, নাচ, গান ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।