প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাক আর নেই

চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরামের সভাপতি, দৈনিক কালবেলার চন্দনাইশ প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাক রাজ আর নেই। শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দোহাজারী ন‍্যাশনাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে এম এ রাজ্জাকের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

এর আগে কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগে বিভাগে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাক।

এম এ রাজ্জাক রাজ দৈনিক জমনা পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের পথচলা শুরু করেন। পরে দৈনিক পূর্বকোণ, জাতীয় দৈনিক দেশ, পরবর্তীতে দৈনিক প্রথম আলো চন্দনাইশ উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছিলেন। সর্বশেষ দৈনিক কালবেলা চন্দনাইশ উপজেলা প্রতিনিধি কর্মরত ছিলেন।

দীর্ঘদিন দোহাজারী শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এম এ রাজ্জাক রাজ। তিনি দোহাজারী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দোহাজারী প্রেসক্লাব সাবেক সভাপতি ছিলেন।

সাংবাদিক এম এ রাজ্জাক রাজের মৃত্যুতে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দোহাজারীর পৌরসভার মেয়র লোকমান হাকিম, দোহাজারী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নাসির উদ্দিন বাবলু ও সাধারণ সম্পাদক আজগর আলী সেলিমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

আজ রবিবার সকাল ১১টায় দোহাজারী শাহী জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।