প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর নারী এমপি আটকের ঘটনা: মুখপাত্র

ওমানে সংরক্ষিত সাংসদ খাদিজা আনোয়ার সনিসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।  তাদের দূতাবাসের আন্ডারটেকিং বা মুচলেকা দিয়ে ছাড়াতে হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সেহেলি সাবরিন।  বৃহস্পতিবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে সেহেলি সাবরীন এক প্রশ্নের উত্তরে জানান, ওমানে সভা-সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হয়।  তবে তারা অনুমতি না নিয়ে সভা করায় তাদের আটক করা হয়।  এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর।

তিনি বলেন, আমরা আশা করি, প্রবাসীরা যে দেশে থাকেন, তারা সেখানের নিয়ম-কানুন মেনে চলবেন।

প্রসঙ্গত, সোমবার (৩১ জুলাই) এমপি খাদিজাতুল আনোয়ার সনি ব্যক্তিগত সফরে ওমানে যান।  সঙ্গে মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন।  তার আগমন উপলক্ষে সেখানে ওমান আওয়ামী লীগ, ওমান যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়।  পরে শ’খানেক নেতাকর্মী নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন।

ওমানে অনুমতি ছাড়া এমন কর্মসূচি নিষেধ।  তাই মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে আটক করে।

এমপি খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য।