প্রধানমন্ত্রী রোববার ইতালি সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে আগামী রোববার (২৩ জুলাই) ইতালি সফরে যাচ্ছেন । প্রধানমন্ত্রীর এ সফরে ইতালির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালির সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪-২৬ জুলাই ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ ফোরামে যোগদান করবেন। এজন্য আগামী ২৩ জুলাই রোমের উদ্দেশ্যে রওনা করবেন তারা। সফর শেষে আগামী ২৬ জুলাই ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২৪ জুলাই প্রধানমন্ত্রী এফএও’র সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রোমে অবস্থানকালে ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘কো-অপারেশন ইন দ্যা ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, আগামী ২৪ জুলাই রোমে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের দূতদের নিয়ে বৈঠক বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে মোমেন বলেন, ২৪ জুলাই প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’-এ অংশ নেবেন।

সরকারপ্রধান দূতদের কি বার্তা দেবেন- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী তাদের দিকনির্দেশনা দেবেন। তারা ডে টু ডে তাদের কাজের বর্ণনা দেবেন, সমস্যার কথা বলবেন। এর আগে সবাইকে নিয়ে আমরা ঢাকায় একসঙ্গে বসতাম। কিন্তু সবাইকে একসঙ্গে করতে গেলে কিছু ঝামেলা হয়। তাই প্রধানমন্ত্রী অঞ্চলভিত্তিক দূতদের নিয়ে বসছেন। প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে গেলে দূতদের নিয়ে ডায়ালগে বসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দূত বৈঠকে ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, সুইডেন, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডে কর্মরত দূতরা বৈঠকে যোগ দেবেন।

মোমেন জানান, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।