প্রধানমন্ত্রী-আইনমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে টুইটারে যা লিখলেন উজরা জেয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) তিনি এ বৈঠকগুলো করেন।

টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি তুলে ধরেন উজরা জেয়া :

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করে উজরা জেয়া লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে।

এরপর আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করে উজরা জেয়া লেখেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে আজ ঢাকায় বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রম অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, জবাবদিহি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়েও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করে উজরা জেয়া লেখেন, ‘রোহিঙ্গা ইস্যু, মানবাধিকার, শ্রমাধিকার ও মানব পাচার বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের পারস্পরিক অংশীদারত্ব উভয় দেশ এবং অঞ্চলকে আরও সুরক্ষিত করবে।’