প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন উজরা জেয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে বুধবার (১২ জুলাই) জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

মঙ্গলবার (১১ জুলাই) উজরা জেয়া ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ১৪ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন উজরা জেয়া।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, উজরা জেয়ার বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানব পাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক। মতপ্রকাশ ও সংগঠন গড়ার স্বাধীনতা, নারীর অধিকার, প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কেও মার্কিন প্রতিনিধিদলটি অংশীজনদের সঙ্গে কথা বলবে।