প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর ক্ষমতায় থাকার শেষ চেষ্টা: আমীর খসরু

প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরকে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন সফরে বেরিয়েছেন সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্যুত হয়ে। এটা তাদের ক্ষমতায় থাকার জন্য শেষ চেষ্টা।

প্রধানমন্ত্রীর জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে টানা সফরের প্রসঙ্গ টেনে  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ক্ষমতাসীন দলের দিকে এবার ‘তীর’ ছুঁড়লেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।  সাধারণত ‘বিদেশিদের প্রতি ধর্না’ বিষয়ে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে প্রায়ই আক্রমণ করেন।  শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী স্মরণে শেরে বাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

আমির খসরু বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আজকে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে।  প্রধানমন্ত্রী সফরে বেরিয়েছেন; তারা ‘কমপ্লিটলি’ জনগণ থেকে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে পরাজিত।  তারা এখন দেশে দেশে ধর্না দিচ্ছেন, দুয়ারে দুয়ারে ধর্না দিচ্ছেন।  বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো সস্পর্ক নেই, দেশের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তারা দেশের মানুষের কাছ থেকে এত দূরে সরে গেছে যে, জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে- সেটা তারা বিশ্বাসই করতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে দেশে ঘুরে বেড়ান, যত ধর্না দেন, কোনো লাভ হবে না।  পরাজিত হতে হবে।  মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে,  স্বৈরাচারবিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে।  বিশ্বের কোনো দেশে মানুষ যখন রাজনৈতিকভাবে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে কুলাতে পারে না।

সরকারকে ‘দেয়ালের লিখন’ পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রের অবরোধ নয়, দেশের মানুষও এই সরকারকে অবরোধ দেবে।  ভোট চুরির সঙ্গে বিগত দিনে কারা জড়িত ছিল, আগামী দিনে কারা কারা জড়িত হতে চাচ্ছে- তার খোঁজ কিন্তু প্রত্যেকটি মানুষ রাখছে।  আন্দোলনে ‘জনগণের বিজয় আসবেই’ এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।  বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি তাহজিনা মতিন এ সময় উপস্থিত ছিলেন।