ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ বলেছেন, আমার কথা একটাই এমপি হতে পারলে ঢাকা-১০ আসনকে দশে ১০ করব। এই আসনটি সারাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটি জায়গা। এখানে সব কিছু রয়েছে। গোছানো শহরটি এখন স্মার্ট করার পালা। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নিউমার্কেটের ১৮ নম্বর ওয়ার্ডে প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। এ সময় ফেরদৌসকে কাছে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ভক্তদের। ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তিনি আমাকে এ আসনে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমাকে প্রচণ্ড রকম সহযোগিতা করছেন। এ আন্তরিকতা আমার হৃদয় স্পর্শ করেছে। আমি নির্বাচিত হতে পারলে অবশ্যই এসবের প্রতিদান দ্বিগুণ তিনগুণ হিসেবে ফিরিয়ে দেব। তিনি ৭ জানুয়ারি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বানও জানান। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন। উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচারণায় নেমেছেন তিনি।