বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দপ্তর গত ১৯ ফেব্রুয়ারি চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে।
শুভেচ্ছা বার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, আগামী বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।