নগদকে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরুর জন্য অনুমোদনের কপি হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এ পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল আর্থিক খাতের প্রসারের আরেক ধাপ অগ্রসর হলো বাংলাদেশ ।
বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার তার কার্যালয়ে নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের অনুমোদনের কপি প্রদান করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোহাম্মদ নাসের, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বিআরপিডি) মো. মনিরুল ইসলাম ও নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুমোদনের কপি হস্তান্তরের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নগদ ডিজিটাল ব্যাংক লিমিটেডকে শুভেচ্ছা জানান ও সার্বিক সফলতা কামনা করেন।
উদ্ভাবনী সব সেবা দিয়ে নগদ মোবাইল আর্থিক সেবায় অকল্পনীয় পরিবর্তন এনেছে। যাতে করে খুব অল্প সময়ে বিশাল গ্রাহক ভিত্তি ও মার্কেট শেয়ার নিতে সক্ষম হয়েছে । দ্রুত এগিয়ে চলার এই যাত্রায় দেশের দ্রুততম ইউনিকর্ন হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বীকৃতিও পেয়েছে নগদ।
দেশে ডিজিটাল ব্যাংকের সেবা চালু করার জন্যে নীতিনির্ধারকদের কাছে গত তিন বছর ধরে অনুরোধ জানিয়ে আসছিল নগদ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার ফলে সামনের দিনগুলোতে ডিজিটাল ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে যেতে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে নগদ ডিজিটাল ব্যাংক।
এই বিষয়ে নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন পেলাম। সাধারণ মানুষ যারা নানা কারণে ব্যাংকে আসতে বাধা অনুভব করেন তাদের কাছেই সেবা নিয়ে হাজির হবে নগদ ডিজিটাল ব্যাংক। এই পদ্ধতিতে গ্রাহককে আর ব্যাংকে আসতে হবে না, বরং ব্যাংকই মানুষের হাতে হাতে ঘুরবে। এরমধ্য দিয়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আরেকটি উদাহরণ সৃষ্টি হবে। আমরা চাই প্রথাগত ব্যবসায়ীর বাইরে যারা আছেন, তাদের কোনো রকম জামানত ছাড়াই সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান করব। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিম চালুসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সবকিছুর সমাধান দেবে ডিজিটাল ব্যাংক। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের পথ আরো সুগম হবে।
স্বল্পতম সময়ের মধ্যে নগদ ডিজিটাল ব্যাংকের সেবা কার্যক্রম চালু করবে বলেও জানান নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।