পেকুয়ায় যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শিহাব উদ্দিন (৪৫) ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে পেকুয়ামুখি যাত্রীবাহি বাসের যাথে চট্টগ্রামমুখী যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। দুজন গুরুতর আহত হন। পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে একজনসহ দুজনের মরদেহ উদ্ধার করেছি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।