পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়।  যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলেন, তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও ভোট চুরির অপবাদ দিয়েছেন।  প্রতিমাসে সে দেশে গুলিবর্ষণের ঘটনা ঘটে। যা গণতন্ত্রের ওপর আঘাত।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার বিভিন্ন ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দেবে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন,  অন্যের সমালোচনা করার আগে নিজের দেশের ভেতরের চিত্রটা দেখা উচিত।  বাংলাদেশ ত্রুটিমুক্ত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে।  গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণে আইনগতভাবে নির্বাচন কমিশন গঠন করেছে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে।  বিএনপি ভুয়া ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।  সুষ্ঠু ভোট হলে শেখ হাসিনা আবারও বিজয়ী হবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন কাঁদায় আটকে গেছে।  আন্দোলনের এ গাড়ি আর উঠবে না।  তাদের আন্দোলনে জনগণ নেই।  নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ।  তাই তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র ও নাশকতা।  সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি।