পুলিশ বদলিতে আসছে চমক!
* পরীক্ষিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয় -আবদুল কাইয়ুম, পুলিশের সাবেক মহাপরিদর্শক * দুই বছরের বেশি হলেই সেই সব কর্মকর্তাদের বদলি -আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী * বদলি যেভাবে হউক, নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর -এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে আসছে পদোন্নতি ও বদলি। শিগগিরই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ শতাধিক পদে রদবদল করা হবে। পুলিশের এই বদলিকে নির্বাচনপ্রস্তুতি বদলি হিসেবে আলোচিত হচ্ছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়মিত বদলি করা হচ্ছে। তবে একটি সূত্র বলছে, সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের পছন্দের জায়গায় বদলি করা হবে। দীর্ঘদিন সরকারের নানা পরীক্ষিত কর্মকর্তারাই আছে বদলির তালিকায়। তারা হলেন- তিন ডিআইজি, ৩০ অতিরিক্ত ডিআইজি, ৩৬ জন পুলিশ সুপার। ৩০ অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার ১০ জনসহ প্রায় দুই শতাধিক পুলিশ কর্মকর্তাকে বদলি করা হবে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে তদবিরও চলছে।
পদোন্নতির তালিকায় রয়েছে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ৬ জন কর্মকর্তা পুলিশ সদরদপ্তরে এবং অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে সিআইডি, পুলিশ টেলিকম, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ, পিবিআই, শিল্প পুলিশ, সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ), সারদা পুলিশ একাডেমি, পুলিশ স্টাফ কলেজ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে নিয়োগ দেয়া হবে। এছাড়া পুলিশ সদরদপ্তর ১৭তম বিসিএস ব্যাচ থেকে ৩৪ জন ডেপুটি আইজিপিকে অতিরিক্ত আইজিপি, ২২তম ব্যাচের ১৫৭ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে, ২৪তম ব্যাচের ২৬৬ জন এসপি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি এবং ২৮তম ও ২৯তম ব্যাচ থেকে ২৪৭ জন অতিরিক্ত এসপিকে এসপি হিসেবে পদোন্নতি দিতে প্রস্তাব করা হয়।
পুলিশ সূত্র বলছে, সারাদেশে ২২৫টির বেশি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে থানার এসআই কিংবা এ এসআইকে বদলি করা হবে না বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, পুলিশে বর্তমানে ৩ হাজার ১২৪ জন প্রথম শ্রেণির বিসিএস ক্যাডার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে ১২২২ এএসপি, ১০০১ অতিরিক্ত এসপি, ৫৯৩ এসপি, ২০০ অতিরিক্ত ডিআইজি, ৮৫ ডিআইজি, ২০ অতিরিক্ত মহাপরিদর্শক, ৪ অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-১) এবং একজন মহাপরিদর্শক। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সুপার বলেন, বদলির প্রক্রিয়া অনেকটা চুড়ান্ত। পরীক্ষীত ও দক্ষ কর্মকর্তাই আছে এই তালিকায়। আবার কেউ কেউ তদবির করেও পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় বদলি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, একই সঙ্গে যোগদান করে অনেকই পদোন্নতি পায় নাই। তাই যোগ্য মাপকাঠি সঠিক হলে কেউ বঞ্চিত হবে না। যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পাবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল কাইয়ুম বলেন, পুলিশের এই বদলী সরকার নির্বাচনকে প্রভাবিত করার ছক করছে। নির্বাচনী পরিকল্পনার অংশ হিসেবে পরিক্ষীত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হচ্ছে।
জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের বদলী যেভাবে হউক, নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে ভোট কোন দিকে যাবে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যোগ্যতার ভিত্তিতে বদলি হয়। এখন পছন্দের বিষয় নয়। পুলিশের যত বদলি সব হয় নিয়ম অনুয়ায়ী। যে সব কর্মকর্তারা দুই বছরের অধিক সময় এক জায়গায় থাকে তাদের বদলি করা হয়।