চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে ২৮৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার ফেলে পালিয়েছে ২ মাদক কারবারি।
সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৫ টার সময় ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ার ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এসআই মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধারের ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল নিয়ে ফেনী সদর থেকে ১টি প্রাইভেটকার, ( রেজিঃ নং-চট্ট মেট্টো-গ-১১-৫১৯৯) যোগে চট্টগ্রামের দিকে আসছে। সংবাদের প্রেক্ষিতে মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ওয়াহেদপুর সাকিনের নয়দুয়ার বাজারস্থ জনৈক শহিদুল ইসলাম এর চা-দোকানের সামনে নয়দুয়ার বাজার টু নাপিত্তছড়া ঝর্ণাগামী পাকা রাস্তার ওপর পৌঁছালে প্রাইভেটকারের চালক ও দুই মাদক ব্যবসায়ী প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশী করে ২৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা।
তিনি আরও জানান, পুলিশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিয়ে গাড়িটি ধাওয়া করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত গাড়ির সূত্র ধরে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের পরিচয় সনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।