চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
সোমবার (২৯ মে) ভোরে সোয়া চারটার দিকে নগরের চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দিপ্তীসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। সোমবার ভোর সোয়া চার দিকে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।’
এর আগে গত রবিবার (২৮ মে) বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরে বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল বের হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে নেতাকর্মীরা। এতে পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলেও পুলিশ পাল্টা কোনো অ্যাকশনে যায়নি ।
এ বিষয়ে জানতে বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভি করেননি।