প্রায়ই যাত্রীরা কাউন্টারে বাসের জন্য অপেক্ষার প্রহর গুনতে হয়। যা কখনও কখনও বিরক্তির পর্যায়ে পৌঁছায়। যাত্রীদের এই অপেক্ষার সময়টুকু আনন্দময় করতে এক অনন্য উদ্যোগ নেয় পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম নগরীতে এক অভিন্ন পাঠাগার গড়ে তুলেছে নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। এটির নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নযাত্রী অবসর পাঠাগার’।
রবিবার (৪ জুন) নগরীর দামপাড়া মাজার গেটে একটি বাস কাউন্টারে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই’ স্লোগানে গড়ে তোলা পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, যেন এক অভিজাত পাঠাগার। আছে সারি সারি বসার আসন। দেয়ালে সেঁটে দেওয়া আছে নান্দনিক নকশার বইয়ের সেল্ফ। সেল্ফে তরে তরে সাজানো জননন্দিত লেখকদের জনপ্রিয় বই। রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই, গবেষনা, বঙ্গবন্ধুর জীবনী, উপন্যাস ও গল্পের বই, কাব্য গ্রন্থ, ধর্মীয় অনুশাসন মূলক বই, সায়েন্স ফিকশন, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী এবং শিশুতোষ গল্প ও উপন্যাসের সম্ভার।
পাঠাগার উদ্বোধন শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘তরুণরা সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এলে সমাজের অনেক ইতিবাচক পরিবর্তন হয়। স্বপ্নযাত্রী অবসর পাঠাগার ইতিবাচক পরিবর্তনের একটি উদাহরণ।’ তিনি স্বপ্নযাত্রী অবসর পাঠাগার উদ্যোগের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
ট্রাফিক পুলিশের (উত্তর জোন) উপ-কমিশনার জয়নুল আবেদীন বলেন, ‘দূরপাল্লায় বাসের অপেক্ষমান যাত্রীরা প্রায়শঃ ফোনে সময় কাটান। আমি বইয়ের জগতের মানুষ। চেয়েছি যাত্রীরা অন্তত তাদের অপেক্ষমান সময়ে একটু বই নেড়েচেড়ে দেখুক। এই চিন্তা থেকেই আমরা পাঠাগারটি গড়ে তোলার উদ্যোগ নেই।’
তিনি বলেন, ‘এটি ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পক্ষ থেকে ২০২৩ সালের একটি ব্যতিক্রমী উপহার। এই কাজটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনকে কাছে পেয়েছি। স্বপ্নযাত্রীর এক ঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবে।’
জনসচেতনতায় এমন উদ্যোগের জন্য ট্রাফিক উত্তর বিভাগকে ধন্যবাদ জানান স্বপ্নযাত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ।
উদ্বোধন অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন, অতি. উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক উত্তর বিভাগের সকল ট্রাফিক ইনস্পেক্টরসহ স্বপ্নযাত্রী চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।