পাকিস্তানে স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত

বৃহস্পতিবার (৪ মে) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় পৃথক গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন।  সংবাদ সংস্থা ডন বন্দুকধারীর গুলির ঘটনা জানিয়েছে।

জেলা সদর হাসপাতালের উপ-মেডিকেল সুপার কায়সার আব্বাসের বরাত দিয়ে ডন জানিয়েছে, প্রথম গোলাগুলির ঘটনা ঘটে শালোজান রোডে, যাতে একজন নিহত হয়।

এর কিছুক্ষণ পর একটি স্কুলে অন্য আরেকটি গুলিবর্ষণের ঘটনায় সাতজন শিক্ষক নিহত হন।  যেটি শালোজান রোড থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

প্রতিবেশী আফগানিস্তান সীমান্তে অবস্থিত প্রত্যন্ত শহর পারাচিনারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ গুলি চালানো হয়।  এ সময় স্কুলটিতে বার্ষিক পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা।

পুলিশ বলেছে, তারা এ ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে নেমেছে।  তবে এটি সন্ত্রাসী হামলা হতে পারে।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একমাত্র শিয়া সংখ্যাগরিষ্ঠ শহর পারাচিনার।  এ অঞ্চলে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানে স্কুলে গোলাগুলির ঘটনা বিরল।  ২০১৬ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক ও বোমা হামলায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।  নিহতদের বেশিরভাগই ছাত্র ছিল।