আবারও এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে গেল আসরে শেষ চারে খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার সুপার ফোরের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দলের প্রথম প্রতিপক্ষ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। যার কারণে তার জায়গায় বাংলাদেশ দলে ওপেনিং করবেন লিটন দাস। এরই মধ্যে লিটন সুস্থ হয়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্তও হয়েছেন। লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে নাঈম শেখকে। ফলে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নামা মিরাজ আবারও নিচে ব্যাটিং করবেন।
তিন নম্বরে নামবেন তাওহীদ হৃদয়। আর চার, পাঁচ এবং ছয় নম্বরে দেখা যাবে যথাক্রমে সাকিব, মুশফিক এবং আফিফকে। আর ওপেনিংয়ে সুযোগ যদি না পান মিরাজ, তবে টাইগার এই অলরাউন্ডার নামবেন সাত নম্বরে।
এদিকে শামীম পাটোয়ারীর আট নম্বর পজিশনটা প্রায় নিশ্চিত। আর শেষ তিন পজিশনে দেখা যেতে পারে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে। এ ম্যাচে একাদশে জায়গা না হওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের। একসময় বাংলাদেশ দলের অটোচয়েজ ছিলেন এই পেসার।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
এমএইচএফ