ভারতের পশ্চিমবঙ্গের বামপন্থী বুদ্ধিজীবী বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় মারা গেছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
জানা গেছে, রোববার সকালে সিঁথির কালীচরন ঘোষ রোডের নিজ বাড়ি থেকে বাজার করতে গিয়েছিলেন তিনি। বাজার করে বাড়ি ফেরার পর আচমকা সিঁড়ি থেকে পড়ে যান অমল মুখোপাধ্যায়। সে সময় তার মাথার পেছনে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারান তিনি।
সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল ৫টার দিকে মারা যান অমল মুখোপাধ্যায়।
১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি। কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পেছনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার। তিনি বলেন, ‘‘অমলের মৃত্যুর খবরে আমি খুবই মর্মাহত। ওর সঙ্গে কখনো একই প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ হয়নি। কিন্তু ওর সঙ্গে আমার রাজনৈতিক ও সামাজিক চিন্তার মিল ছিল। অনেক জায়গায় দেখাও হত। ওর ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেছি, শিক্ষক হিসাবেও খুব ভাল ছিলেন অমল। গুণী ছিলেন। অমল নিজে বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। বাম আমলে শাসকদলের অধ্যাপক সমিতিতে থেকে বেশ কিছু কাজ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তীই তাকে কলেজ প্রশাসনের কাজ নিজের মতো করেই চালানোর জন্য বলেছিলেন। তার সঙ্গেও ভাল সম্পর্ক ছিল।’’
সূত্র-আনন্দবাজার