পরীমণির রহস্যজনক মৃত্যু!

৯ বছর বয়সী মুনতাহা আলম তোহা ওরফে পরীমণিকে চাচা পরিচয়ে হাসপাতালে নেওয়া ব্যক্তি চিকিৎসকদের ছাদ থেকে পড়ে মৃত্যুর কথা জানালেও সুরতহালের সময় তার গলায় ফাঁস লাগানোর ছাপ পাওয়া গেছে।

সোমবার রাত ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সমশু সাওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। মুনতাহা আলম তোহা ওমান প্রবাসী মাহবুবুল আলমের মেয়ে। তোহা ওই এলাকার সেবা খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

তার বাবা মাহবুবুল আলম ধারণা করছেন, মোবাইলে ভারতীয় নাটক আর ক্রাইম পেট্রোল বেশি দেখত তোহা। সেখান থেকে ফাঁসির দৃশ্য দেখে তোহা সেটি করার চেষ্টা করতে গিয়ে অঘটন ঘটেছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, শরীরের কোন জায়গায় আঘাত নেই। তবে ফাঁস লাগানোর কারণে গলায় দাগ পাওয়া গেছে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।