পটিয়ায় আ.লীগ নেতাকে কটূক্তি করায় মামলা, আদালতের সমন জারি

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদকে হেনস্তা ও কটূক্তি করায় আদালতে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহাদাত হোসেন বাদী হয়ে গোলাম মোহাম্মদকে আসামী করে ফৌজদারী মামলাটি আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ সরাসরি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, আসামী গোলাম মোহাম্মদ বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও শাহাদাত হোসেন ফরিদকে নিয়ে কটূক্তি ও অশালীন কথাবার্তা বলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরকে এলাকার পথেঘাটে দেখলেই আম্বালীগ, আম্বালীগের গোষ্ঠী বলে গালাগাল করে। এমনকি তাদের স্ত্রী-সন্তানদেরও কুরুচিপূর্ণ আচরণ করেন। গত ২১ শে ফেব্রুয়ারী এলাকায় বলেন ‘তোরা আম্বালীগ অলর কি কাম’ বলেও কটূক্তি করেন। গত ৩১ মার্চ জঙ্গলখাইন জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে অযু করতে গেলে শাহাদাত হোসেন ফরিদকে উদ্দেশ্যে বলেন, ‘তোরা বানরের পোয়া তোদের আবার কি নামাজ দোয়া’। গত ২৪ জুন বাদীকে দেখতে পেয়ে আসামী গোলাম মোহাম্মদ ‘শালাতো আবার আসছে, শালাওর ধর“ বলে কুরুচিপূর্ণ কথা বলে মারধর করতে উদ্যত হন।

বাদী শাহাদাত হোসেন ফরিদ বলেন, এলাকার সাবেক চেয়ারম্যান গাজী ইদ্রিচের ইন্ধনে আসামী গোলাম মোহাম্মদ আমি এবং এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সবসময় টিটকারী এবং তাদের পরিবার পরিজনদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করতে থাকে। আমি এলাকায় গেলে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেবে বলে প্রকাশ্যে হুমকি দেন।

বাদী পক্ষের আইনজীবী নুর মিয়া বলেন, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন ফরিদের অভিযোগটি আদালত সরাসরি আমলে নিয়ে আসামী গোলাম মোহাম্মদের বিরুদ্ধে সমন জারি করেছেন।