নৌকার মেয়র হয়ে ‘অত্যাচারের কষ্ট’ ভুলে গেছেন বাঁশখালীর তোফাইল

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে পৌরসভা কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌরসভার মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন।

আগামী অর্থবছরের জন্য ১২২ কোটি ১৬ লক্ষ ৯০ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে উন্নয়ন বাজেট ১০৬ কোটি ৪২ হাজার ৯৪৯ এবং রাজস্ব ১৬ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ১৬৩ টাকা।

বাঁশখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নীলকণ্ঠ দাশ, প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবু সুফিয়ান ভূঁইয়া, মহিলা কাউন্সিলর সাদেকা নুর খানম বিউটি ও রোজিনা আক্তার, কাউন্সিলর জামশেদ আলম, কাঞ্চন বড়ুয়া, আনছুর আলী, আরিফ মাইনুদ্দীন, মো. ইসহাক, মো. আক্তার হোসেন, আবদুল গফুর, প্রণব কুমার দাশ, বদিউল আলম প্রমুখ।

পৌর মেয়র তোফাইল বিন হোসাইন বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে ৩০ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি ছিল। তা পরিশোধ করেছি। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আর্থিক ঘাটতি হচ্ছে দেখে অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গিয়েছিল। সেই সব অসমাপ্ত কাজ পৌরসভার পক্ষ থেকে সম্পন্ন করেছি। খুব শীঘ্রই পৌরসভায় ওয়াসা ও পানির লাইন চালু হবে। হারুন বাজার সড়ক হবে পর্যটন স্পট। পৌরসভার কোন রাস্তাঘাট উন্নয়ন বঞ্চিত থাকবে না। ব্যক্তিগত বাসা বাড়িতে ৫০-৬০ হাজার টাকা বাজেটে টয়লেট নির্মাণ হবে। এ বাজেটের মাধ্যমে বাঁশখালী পৌরসভার সকল ওয়ার্ডের উন্নয়ন ও পৌরবাসীর কল্যাণ সাধিত হবে।’

তিনি আরও বলেন, ‘সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাঁশখালী পৌরসভাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আগামী অর্থবছরের জন্য ১২২ কোটি টাকার বাজেট ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। রাজনৈতিক জীবনে যত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, সব ভুলে গেছি নৌকা প্রতীকে নির্বাচিত মেয়র হয়ে। এই প্রতীকে নির্বাচনের সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা আধুনিক বাঁশখালীর রুপকার মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর কাছে আমি চিরকৃতজ্ঞ।’