জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয় দুদক এমন কোনো কাজ করবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিশনের এমন কোনো কাজ করা উচিত হবে না, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। তবে আমরা আশা করবো, দুর্নীতিবাজরা যাতে নির্বাচনে না আসে।” মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদকের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই মতবিনিময় সভা আয়োজন করা হয়। দুদক চেয়ারম্যান বলেন, “পৃথিবীর সব দেশেই কম-বেশি দুর্নীতি আছে। দুর্নীতিবাজ, দুর্নীতিবাজদের সাহায্যকারী ও উপকারভোগীদের সঙ্গে কাজ করতে গিয়ে আমাদের বেগ পেতে হয়। তারপরও আমরা দুদকের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণে কাজ করে যাচ্ছি। তবে জনগণকে শুধু প্রত্যাশা করলেই হবে না, দুদককে সহায়তাও করতে হবে।” দুদক চেয়ারম্যান বলেন, “দুদক আইনের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে দমন ও প্রতিরোধের সঙ্গে জড়িত সরকারের অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।” মতবিনিময় সভায় কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন, সচিব মো. মাহবুব হোসেন ও মহাপরিচালকগণসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।