নির্বাচনে এলে সহযোগিতা পাবে বিএনপি – ইসি আলমগীর

বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সেটা তাদের বিষয়। তবে আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। এখন বিএনপি নির্বাচনে এলে তাদের সুবিধার্থে ভোটের তারিখ পরিবর্তনে সম্মত নির্বাচন কমিশন। তবে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটের নতুন তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন তাদের সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় কেউ বাধা প্রদান করলে রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া নির্বাচনের ভোট গ্রহণ অবাধ সুষ্ঠু করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের এবার অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আপনারা শুধু পরিচয় বা অনুমোদিত কার্ডসহ কেন্দ্রে প্রবেশ করে পেশাগত কাজ করতে পারবেন। শুধু ভোট কক্ষের মধ্যে লাইভ করা যাবে না, তবে ভোট দেওয়ার গোপনস্থান ছাড়া অন্যস্থানের ছবি ও ভিডিও নিতে পারবেন। এবার আপনাদের চলাচলের সুবিধার্থে মোটরসাইকেলের অনুমতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিজিবি, র‌্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।