নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ নির্বাচন
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) গণভবনে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানোর কথা জানান প্রধানমন্ত্রী। বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকায় চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ এবং দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।
রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কারণ, বর্তমান শিশুর সঙ্গে ৪০ হাজার নবজাতক শিশু যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সমর্থন করে।
এ ছাড়া যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায় বলেও জানান রবার্ট চ্যাটারটন ডিকসন।
শেখ হাসিনা অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কারণ, এই যুদ্ধে সারা বিশ্ব ভুগছে। তিনি বলেন, আমরা সব সময় যে কোনো যুদ্ধের বিপক্ষে।
বাংলাদেশ তাদের সকল দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারে।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।