আসন্ন দিল্লি সফরে প্রধানমন্ত্রীর আলাদা কোনো বার্তা নিয়ে যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা পররাষ্ট্রসচিবের। নির্বাচনের আগে এই সফরকে ঘিরে রয়েছে নানা আলোচনা। কোনো রাজনৈতিক বার্তা নিয়ে যাচ্ছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর আলাদা কোনো বার্তা নিয়ে যাচ্ছি না।’ সফরের আলোচ্য বিষয়গুলো তুলে ধরে মাসুদ বিন মোমেন বলেন, ‘বৈঠকে অনেক বিষয়ে পাশাপাশি অভিন্ন নদী ইস্যুতে আলোচনা হবে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের কিছু জানার থাকলে সেটি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক তুলে ধরা হবে।’ দিল্লিতে থাকা ৯০ দেশের মিশন প্রধানকে ব্রিফ করা হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘এতে রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে।’ মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের বিষয়ে বাংলাদেশ সতর্ক আছে জানিয়ে সচিব বলেন, ‘মিয়ানমারের চলমান উদ্ভুত পরিস্থিতিতে সর্তক বাংলাদেশ। নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সজাগ আছে বিজিবি।’ বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প শুরুর প্রস্তুতি অব্যহত রাখবে বাংলাদেশ। তবে এই মূহুর্তে মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি অস্থির। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে প্রত্যাবাসন শুরু করা হবে।’