নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচন অবশ্যই সঠিক পদ্ধতিতে এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘কোনো ঘটনা যদি সংঘাতে রূপ নেয় এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা খর্ব করা হয় বা ইন্টারনেট বন্ধ করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষেরই রাজনৈতিক সংঘাতের স্থান নাই। আমি আশা করি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব পক্ষই শর্তহীন সংলাপের পথে যাবে।’

এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের কমিশন বঙ্গভবনে যাবে। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলবেন তাঁরা।