নিউমার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জন ঢামেকে ভর্তি

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হওয়া ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি  করা হয়েছে।  তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে প্রথমে তিন ফায়ার সার্ভিস সদস্যসহ চারজনকে এবং পরে একে একে আরও ১৩ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা।  ১৭ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩), মো. রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪)।  আহতদের অন্যদের মধ্যে একজন ভলান্টিয়ার, একজন দোকান মালিক এবং পাঁচজন দোকান কর্মচারী রয়েছেন।  তারা হলেন, মো. বায়জিদ (২৫), মো. হাসান (২০), মো. রিমন (২৮), মো. কামাল হোসেন (৩৩), মো. ফিরোজ আলম (৩০), মো. জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১৭ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন।  তাদের জরুরি বিভাগে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এদিন ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস।  ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নিউমার্কেটের আগুন।  সকাল ৯টা ১০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল।  ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন স্বেচ্ছাসেবীরাও।