নাশকতাকারীকে আটক করে পুরস্কৃত হলেন টিআই শরিফুল

বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতাকারীকে আটক করায় মোহাম্মদপুর ট্রাফিক জোনের টিআই শরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে শরিফুলের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। হাবিবুর রহমান সে সময় শরিফুলের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুরস্কার প্রদানকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান ও ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। মোস্তাক আহমেদ বলেন, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে শরিফুল জোন এলাকা পরিদর্শনে যান। এ সময় বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল সাতটার দিকে ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তির ‘হরতাল’ ‘হরতাল’ শ্লোগান দেওয়া দেখতে পান। তারা নাশকতার উদ্দেশ্যে একটি বাসের দিকে অগ্রসর হলেই শরিফুল সাহসিকতার সঙ্গে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতে নাতে আটক করেন। যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়।