নাটোরে হবে ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়

সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।  পরে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রয়াত স্বামী খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী ড. ওয়াজেদের নামে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।  এই বিশ্ববিদ্যালয়ে কোন্ কোন্ বিষয় পড়ানো হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে।  একই দিন গ্রাম আদালতের ক্ষমতা বাড়িয়ে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  সংশোধিত আইনে জরিমানা করার ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাতে  গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা পঁচাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, চেয়ারম্যানসহ পাঁচ জনের সমন্বয়ে গ্রাম আদালত হয়। কোনো সময় একজন অনুপস্থিত থাকলে আদালতের সদস্য সংখ্যা চারজন হয়ে যায়। সে সময় ভোট হলে যদি দুই পক্ষে ভোট ২-২ অর্থাৎ সমান হয়ে যায় তখন চেয়ারম্যানের ক্ষমতা রাখা হয়েছে।  এছাড়া বিদ্যমান আইনের কয়েকটি জায়গায় ‘নাবালক’ শব্দটি বদলে ‘শিশু’ করা হচ্ছে আইনে। এছাড়া বৈঠকে মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সচিব বলেন, গত তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) মোট চারটি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৬৪টি। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ১৪০টি আইন, ছয়টি অধ্যাদেশ পাস হয়েছে। সংসদে কিছু আইন পেন্ডিং আছে। সরকারের এ মেয়াদে সেগুলো পাস হতে পারে।